দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে প্রায় চারশ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা ও রথের মেলা শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল আয়োজন এবং হাজারো ভক্ত-দর্শনার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত, দর্শনার্থী ও পর্যটকেরা এই ঐতিহাসিক আয়োজন উপভোগ করতে ধামরাইয়ে এসেছেন।
প্রতি বছরের মতো এবারও প্রায় ৬০ ফুট উঁচু ঐতিহ্যবাহী কাঠের রথটি সংস্কার, রং ও অলংকরণের কাজ শেষে প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে শ্রীশ্রী যশোমাধব দেবের বিগ্রহ রথে স্থাপনের পর হাজারো ভক্ত পাটের মোটা রশি ধরে রথটি টেনে যাত্রাবাড়ী মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথ টানলে পুণ্য লাভ হয়।
রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। খেলনা, মাটির তৈজসপত্র, হস্তশিল্প, মিষ্টি, স্থানীয় খাবারসহ নানা ধরনের পণ্যের শত শত দোকান সাজানো হয়েছে। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে ধামরাই।
মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরাও আশাবাদী। তাদের প্রত্যাশা, এবারের আয়োজন ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন।
ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, বাংলা ১০৭৯ সাল থেকে ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা ও রথের মেলার প্রচলন। সময়ের পরিক্রমায় এটি ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর এ আয়োজনকে কেন্দ্র করে লাখো মানুষের মিলনমেলা বসে।
এমএম/